ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার উলশীর আলোচিত মেম্বার মিলনের বিরুদ্ধে ঝিকরগাছা প্রেসকাবে সংবাদ সম্মেলন করেছেন মির্জাপুর গ্রামবাসী। সংবাদ সম্মেলনে অবৈধ কর্মকান্ডের কেন্দ্রবিন্দু উলশীর জঙ্গল পার্ক প্রশাসন বন্ধ করে দেয়ায় পার্ক মালিক শার্শা উপজেলার উলশীর তরিকুল ইসলাম ওরফে মিলন মেম্বার ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রতিশোধ নিতে তিনি ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামবাসীর ওপর দফায় দফায় হামলা, মামলাসহ বিভিন্নভাবে হয়রানী করে চলেছেন। এমন অভিযোগ তুলে বুধবার সকালে ঝিকরগাছা প্রেসকাবে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন মির্জাপুর গ্রামের আইনাল হকের ছেলে ফরহাদ হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঝিকরগাছা ও শার্শা উপজেলার সীমান্তবর্তী এলাকায় মির্জাপুর ও উলশী গ্রাম। মিলন মেম্বার মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ টাকা উপার্জন করে সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। সহজে ইউপি সদস্যও নির্বাচিত হয়ে যান মিলন। এরপর উলশী ও মির্জাপুর গ্রামের সাধারণ মানুষের জমি লিজের নামে নিয়ে সেখানে গড়ে তোলেন নীলকুঠি জঙ্গল নামের একটি ফ্যামিলি পার্ক। বিতর্কিত এ পার্কের ভিতরে অসামাজিক কার্যক্রম, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা হওয়ার প্রমান পেয়ে প্রশাসন গত বছরের জুন মাসে পার্কটি বন্ধ করে দেয়। একই সাথে পার্কের ভিতরে থাকা গ্রামবাসী তাদের সম্পত্তিও দখলে নেয়। এসব ঘটনায় ক্ষিপ্ত হয়ে মিলন মেম্বার মির্জাপুর গ্রামবাসীর ওপর কখনও বোমাবাজি, কখনও মিথ্যা মামলা আবার কখনও সাংবাদিকদের কাছে অসত্য তথ্য সরবরাহ করে নিরীহ গ্রামবাসীকে হয়রানী করছেন। গত ১৭ জুন মিলন গং মির্জাপুর গ্রামের নুর আলীর বাড়িতে দুটি বোমার বিস্ফোরণ ঘটান। এ ব্যাপারে নুর আলী বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেছেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মির্জাপুর গ্রামের বুলবুল আহম্মেদ, আব্দুস সালাম, মফিজুর রহমান, রনি ইসলাম, আব্দুর রাজ্জাক, পিন্টু হোসেন, বাবলু খাঁ প্রমুখ।
এ ব্যাপারে অভিযুক্ত তরিকুল ইসলাম মিলন মেম্বারের নিকট মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, নুর আলী ও তার ভাই নিজেদের বাড়িতে বোমার বিস্ফোরণ ঘটিয়ে উল্টো তার নামে মিথ্যা মামলা দিয়েছে। এছাড়া নুর আলীর ছেলে মিন্টু তার বোন-ভাগ্নিকে কয়েকদফা মারপিট করে। এসব ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এসব মামলা থেকে রেহাই পেতে নুর আলী গ্রামবাসীকে দিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও জানান মিলন মেম্বার।





