কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ ফেসবুকে কটুক্তি করার ঘটনায় দায়েরকৃত তথ্য প্রযুক্তি আইনের মামলায় আটক হয়েছেন সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক প্রভাষক মন্ময় মনির। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত আদর্শ কলেজের প্রভাষক। বসবাস করেন কলারোয়া পৌরসভাধীন উত্তর মুরারীকাটি এলাকায়।
থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে মন্ময় মনিরকে মুরারীকাটি এলাকা থেকে আটক করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে কটুক্তি করার অপরাধে প্রভাষক মন্ময় মনিরের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়। মামলাটি করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন।





