মহেশপুরে চার সড়ক চাঁদাবাজ আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ সড়কে অবৈধভাবে চাঁদাবাজি করার সময় ৪ চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। বুধবার মহেশপুর উপজেলার বুদোর মোড় থেকে এদের আটক করা হয়। তাদের কাছ থেকে মহেশপুর পৌরসভা, মহেশপুর পৌর টার্মিনাল, মহেশপুর পৌর ইজারা ও খুলনা সিটি কর্পোরেশনসহ একাধিক সংগঠনের চাঁদা আদায়ের রশিদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন মহেশপুর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের সাইদুলের ছেলে শাকিল, একই গ্রামের শফিকুলের ছেলে সুমন, দাউদ মোল্লার ছেলে হুসাইন ও জাহিদ হাসান।
মহেশপুর থানার ওসি মোর্শেদ খান জানান, গভীরর রাতে ট্রাক ড্রাইভারদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। অভিযোগ উঠেছে, মহেশপুরের সরকারিদলের কতিপয় নেতার সহায়তায় মাসের পর মাস বিভিন্ন সড়কে দাঁড়িয়ে উঠতি বয়সি যুবকরা এভাবে চাঁদাবাজি করে টাকা ভাগাভাগি করে নেয়। মহেশপুর, হরিণাকুন্ডু ও সদর উপজেলার বিভিন্ন মোড়ে শ্রমিক ইউনিয়নের নামেও টাকা তোলা হয়।

ভাগ