‘চোরচক্রের হোতা’ ঝিকরগাছার যুবলীগ নেতা খোকন গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ যশোরের ঝিকরগাছায় এক যুবলীগ নেতা গ্রেফতার হয়েছেন; যিনি ‘আন্তঃজেলা চোরচক্রের গডফাদার’ বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতার শহিদুল ইসলাম খোকন জেলার ঝিকরগাছা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তার গ্রামের বাড়ি উপজেলার বারবাকপুর। তিনি উপজেলা শহরের পারবাজারে থাকেন। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মারুফ আহমেদ বলেন, মনিরামপুর থানায় ১০ চাকার একটি ট্রাক চুরির মামলা রয়েছে খোকনের বিরুদ্ধে। সেই মামলায় তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। “এছাড়া খোকন আন্তঃজেলা চোরচক্রের গডফাদার। পুলিশের কাছে তিনি এ কথা স্বীকার করেছেন।” ওসি বলেন, সোমবার রাতে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে বুধবার খোকনকে আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস জানান, গত ১৩ ফেব্রুয়ারি মনিরামপুর উপজেলার সরনপুর পশ্চিমপাড়া থেকে একটি চোরাই ট্রাক উদ্ধার করেছিলেন তারা। এ সময় ঘটনাস্থল থেকে রিংকু নামে একজনকে আটক করা হয়েছিলো। আটকের পর সে তাদের কাছে স্বীকার করেছিলো যে, ঝিকরগাছার শহিদুল ইসলাম খোকন ও ফিরোজ এ ঘটনার সাথে জড়িত। তারা গাড়িচোর সিন্ডিকেটের হোতা। পরে আদালতে দেয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও শহিদুল ইসলাম খোকন ও ফিরোজের নাম প্রকাশ করে রিংকু। স্থানীয় সূত্রে জানা যায়, গতবার খোকন গদখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।

ভাগ