খুলনায় করোনা উপসর্গ নিয়ে নারীসহ চারজনের মৃত্যু

খুলনা ব্যুরো ॥ খুলনায় করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিভিন্ন সময় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন, খুলনা মহানগরীর খানজাহান আলী থানার কুয়েট মোড়ের আব্দুল হাইয়ের স্ত্রী মরিয়ম (৫৬), বাবু খান রোডের মৃত সুলতান আলীর ছেলে পান্না ওয়াজেদ (৭০), টুটপাড়ার সুন্দরবন কলেজ এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মহাসিন খোকন (৫৫) ও নড়াইল সদর উপজেলার মহেশখোলা গ্রামের মৃত আক্কাস শেখের ছেলে কাশেম শেখ (৩৬)।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, মরিয়ম গত চারদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খুমেকের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে তিনি মারা যান। এদিকে, জ্বর ও শ্বাসকষ্ট অবস্থায় সোমবার বিকেল পৌঁনে ৫টার দিকে পান্না ওয়াজেদকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এছাড়া তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার ভোর ৫টায় তার মৃত্যু হয়। এছাড়া করোনার উপসর্গ নিয়ে নগরীর টুটপাড়ার সরকারি সুন্দরবন কলেজ এলাকার মহাসিন খোকন সোমবার দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালে ভর্তি হন। দুদিন ধরে তিনি জ¦র ও শ^াসকষ্টে ভুগছিলেন। সোমবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। অপরদিকে, জ¦র ও শ^াসকষ্ট নিয়ে কাশেম শেখ সোমবার বিকেল সোয়া ৫টার দিকে খুমেক হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সোমবার দিবাগত রাত পৌঁনে ২টার দিকে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডা. মিজানুর রহমান।

ভাগ