খুলনা প্রেস কাবে সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

খুলনা ব্যুরো ॥ খুলনার তালা থানার এক এসআইয়ের বিরুদ্ধে হয়রানি, হুমকি, সম্পত্তি বেদখল করা ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন তালা উপজেলার আব্দুল লতিফ নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তিনি। মঙ্গলবার খুলনা প্রেস কাবে এক সংবাদ সম্মেলনে এ ঘটনার প্রতিকার দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার কেনা সম্পত্তির ভুয়া মালিক দাবিদার তালা উপজেলার ইসহাক আলী মোড়লের পক্ষ নিয়ে তালা থানার এসআই মেহেদী হাসান তার পরিবারের ওপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন। ওই জমি নিয়ে তার প্রতিপক্ষের সাথে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দায়ের করা হয়েছে। যা এখনও বিচারাধীন। জমিটিতে বাংলা ১৪২৬ সাল পর্যন্ত খাজনাও পরিশোধ করেছেন তিনি। এরই মধ্যে গত ৭ জুন নিজ জমিতে তার ছেলে নূর হোসেন কাজ করতে গেলে এসআই মেহেদী হাসানসহ প্রতিপক্ষের লোকজন তাদের বাধা দেন। এ সময় এসআই মেহেদী তাকেসহ তার ছেলে ক্রিকেটার ইমরানকে গালিগালাজ করেন এবং ছোট ছেলে নূর হোসেনকে আটক করে নিয়ে যান। যদিও পরে থানার ওসি তাকে ছেড়ে দেন। সেখানে কোন মারধরের ঘটনা ঘটেনি। ওই জমিটি প্রতিপক্ষ গ্রুপ এসআই মেহেদীকে ব্যবহার করে দখলের চেষ্টা চালাচ্ছেন- উল্লেখ করে এর প্রতিকার দাবি করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে তালা থানার এসআই মেহেদী হাসান বলেন,‘আমি কাউকে গালাগালাজ করিনি। কেউ যেন বিরোধে না জড়ায় সেটি তদারকি করেছি মাত্র। ওসির নির্দেশে দুই পক্ষকে বিরোধ জড়াতে নিষেধ করেছি।’

ভাগ