স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ করোনা উপসর্গ নিয়ে অভয়নগর উপজেলার ধুলগ্রাম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল চক্রবর্তী (৬৫) মারা গেছেন। সোমবার রাত ১০ টায় তিনি মারা যান। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সাদিয়া জামানের নেতৃত্বে করোনা ইউনিট তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠায়। মঙ্গলবার সকালে শিক্ষক বিমল চক্রবর্তীর মরদেহ স্বাস্থ্যবিধি মেনে শেষকৃত্য সম্পন্ন করা হয়। পরিবার সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলার ধুলগ্রাম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল চক্রবর্তী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত ২-৩ দিন ধরে তার গায়ে প্রচণ্ড ব্যথা ও জ্বর ছিলো। সোমবার সন্ধ্যার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাতেই তিনি মারা যান। তার মৃত্যুতে অভয়নগরের শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে আসে।




