খুলনা সংবাদদাতা॥ খুলনার রূপসা সেতু এলাকায় অভিযান পরিচালনা করে বিষযুক্ত ১৫ মণ মাছ জব্দ করেছে জেলা ডিবি পুলিশ। এসময় জেলা মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই মাছ সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে ধরার পর খুলনা আনা হচ্ছিলো।
খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, বিভিন্ন সময়ে সুন্দরনের ছোট ছোট খালে বিষ প্রয়োগ করে মৎস্য নিধন চলছে। কিছু অসাধু ব্যবসায়ী ও জেলে অধিক মুনাফার আশায় সুন্দরবনের বিভিন্ন খালে অবৈধভাবে বিষ প্রয়োগ করে চিংড়ির (গলদা, বাগদা, হরিনা, চাকা) রেণু, মা চিংড়ি, পারসে, ভেটকী, দাতিনা, পায়রা, কাইন মাগুর জাবা মাছের পোনা ইত্যাদি ধ্বংস করছে। ওই মাছ ধরার পর বিক্রির জন্য দাকোপ থানার কালাবগী, নলিয়ানসহ বিভিন্ন এলাকা থেকে খুলনায় আনা হচ্ছে। এমন কিছু মাছ খুলনায় আনার পথে রবিবার অভিযান চালিয়ে জব্দ করা হয়। রূপসা সেতুর নিচে অভিযান পরিচালনা করে এ ধরনের বিষযুক্ত ১৫ মণ মাছ জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়েছে।





