স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বেজপাড়া টিবি কিনিক এলাকার ছাত্রাবাসে ডাকাতির ১৯দিন পর কোতয়ালি থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী ছাত্র অমিত সরকার কুখ্যাত সন্ত্রাসী ট্যাবলেট সোহেলের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭/৮জনকে আসামি করে গত রোববার রাতে মামলাটি করেন। তবে ডাকাতির ঘটনার ৩দিন পর অভয়নগরের পচা মাগুরা গ্রাম থেকে আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে অভিযুক্ত ট্যাবলেট সোহেলকে তুলে নিয়ে যাওয়া হলেও এখনো পর্যন্ত তার সন্ধান মেলেনি। উল্লেখ্য, গত ৩ জুন দিনদুপুরে বেজপাড়া টিবি কিনিক এলাকার দিলীপ ঘোষের ভাড়া দেয়া একটি ছাত্রাবাসে ডাকাতি হয়। একদল দুর্বৃত্ত ছাত্রাবাসের বাসিন্দা এম এম কলেজের ছাত্র অমিত সরকারকে ভয়ভীতি দেখিয়ে টিভিএস কোম্পানির অ্যাপচি ব্র্যান্ডের তার একটি মোটরসাইকেল (যশোর-ল-১২-৭৮৬৭) জোরপূর্বক কেড়ে নেয়। বেজপাড়া টিবি কিনিক এলাকার মৃত মানিক মুন্সীর ছেলে ট্যাবলেট সোহেলের নেতৃত্বে দুর্বৃত্তরা এ সময় তাকে মারপিট করে একশ’ টাকার একটি সাদা স্টাম্পে স্বাক্ষরও করিয়ে নেয়। এছাড়া তারা দুটি হাতঘড়ি ও মানিব্যাগ থেকে আড়াই হাজার টাকা নিয়ে যায়। পরে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতাও পায়। এ ঘটনার ১৯দিন পর গত রোববার অমিত সরকার কোতয়ালি থানায় মামলা করেন। এদিকে ওই ঘটনার ৩ দিন পর ৬ জুন গভীর রাতে আসামি ট্যাবলেট সোহেলকে অভয়নগরের পচা মাগুরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। কিন্তু অদ্যাবধী তার খোঁজ মেলেনি। তার মা আশেয়া বেগম বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও সন্তানের সন্ধান পাননি।





