স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করেছে। সোমবার দুপুরে শহরের নতুন হাটখোলা এলাকা থেকে এ পলিথিন জব্দ করা হয়। ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান তারা জানতে পারেন, ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজারে কয়েকজন ব্যবসায়ী বিপুল পরিমাণ অবৈধ পলিথিন মজুদ করেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুটি দোকান থেকে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. হেদায়েত উল্যাহ সুমন স্টোরের মালিক সুমন কুমার বিশ্বাসকে ২৫ হাজার টাকা ও হানিফ স্টোরের মালিক হানিফকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত পলিথিনের মূল্য আনুমানিক প্রায় ৫ লাখ টাকা বলে জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ র্যাব সদস্যবৃন্দ।





