শ্যামনগরে বিএনপির ত্রাণবহরে ছাত্রলীগ-যুবলীগের হামলা গাড়ি ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর, আহত ১০

শেখ মাসুদ হোসেন, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির ত্রাণবহরে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। রবিববার সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের চুনা ব্রিজের কাছে এ হামলা চালানো হয়। এতে বিএনপির কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একটি প্রাইভেটকারসহ কয়েকটি মোটরসাইকেল। আহতরা হলেন, উপজেলা যুবদলের সভাপতি আজিবর রহমান, সাবেক ছাত্র নেতা মাসুদ, ছাত্রদল কর্মী রাসেল, যুবনেতা আনিছ, মিঠু, জহিরুল, মোস্তফা মিন্টু, রবিউল, মামুন ও ছালাম।
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড.সৈয়দ ইফতেখার আলী জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির অর্থায়নে তার নেতৃত্বে রবিবার ত্রাণ বিতরণে বের হন। জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র আলহাজ তাজকিন আহমেদ চিশতি, যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, স্বেচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক, কৃষকদল সভাপতি আহসানুল কাদির স্বপন, যুবদল সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, যুবনেতা হাসান শাহারিয়ার রিপনসহ নেতাকর্মীরা বেলা ১১টার দিকে শ্যামনগরে আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে যাচ্ছিলেন।

পথিমধ্যে কাশিমাড়ি ইউনিয়নের চুনা ব্রিজের কাছে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্য জগলুল হায়দারের ছেলে উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক রাজিব হায়দারের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তাদের ওপর দুই দফায় অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা এ সময় বিএনপির ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। একই সাথে ভাঙচুর করা হয় তাদের একটি প্রাইভেটকারসহ ৮/১০টি মোটরসাইকেল। তিনি আরও জানান, হামলাকারীদের ভয়ে তাদের নেতা-কর্মীরা স্থানীয় বিভিন্ন কিনিকে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

তবে, সংসদ সদস্য জগলুল হায়দারের ছেলে উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক রাজিব হায়দার ঘটনাস্থলে ছিলেন না এবং বিষয়টি জানেন না বলে দাবি করে বলেন, পরে শুনেছি যে, যারা ত্রাণ দিতে যাচ্ছিল তাদের নিজেদের মধ্যে কি ঝামেলা হয়েছে।

এদিকে, এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড.সৈয়দ ইফতেখার আলী দুপুরে তার সাতক্ষীরা শহরের কামলনগরের বাড়ির সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে তিনি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেফতারের দাবি জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমসহ বিএনপির নেতা-কর্মীরা।

ভাগ