রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে শশাঙ্ক কুমার পাল নামের এক ব্যক্তির পৈত্রিক জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের আবেদনে আদালতের ১৪৪ ধারা জারির পর নিজেই সেটি অমান্য করেছেন বলে ভুক্তভোগীরা দাবি করেন।
জানা গেছে, উপজেলার গিলাতলা তালুকদার পাড়ার মৃত নওশের আলীর ছেলে তালুকদার আলতাফ হোসেন নিজের দোকান ঘর দাবি করে ২ শতক জমির মালিকানা নিয়ে বাগেহাটের আদালতে ১৪৪ ধারার আবেদন করেন। আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নালিশী জমির ওপর ১৪৪ ধারা করেন। স্থাণীয় বাঁশতলী ইউনিয়ন ভূমি সহকারী তহসিলদার স্বপন কুমার ওই জমির ওপর উভয় পক্ষকে নোটিশ করেন এবং তদন্তের দিন ধার্য করেন। ধার্য তারিখের দিন সকালে তালুকদার আলতাফ হোসেন জমির ওপরে থাকা দোকান ঘরের দুটি তালা প্রকাশ্যে ভেঙে ফেলেন। অভিযোগের বিষয় স্থাণীয় ইউপি সদস্য মল্লিক মিজানুর রহমান জানান, ১৪৪ ধারা ভঙ্গ করে দোকান ঘর দখলে দেখানোর জন্য আলতাফ হোসেন নিজেই প্রকাশ্যে তালা ভেঙেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন তহসিলদার স্বপন কুমার জানান, শশাঙ্কের অন্য শরিকরা জমি বিক্রি করলেও তিনি ওখানে জমি পাবেন। এ বিষয়ে তালুকদার আলতাফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি তালা ভাঙার অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জমি রাস্তার পাশে এবং শশাঙ্কের জমি রাস্তার পেছনে। এ ব্যপারে ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মাদ আলী বলেন, ‘আমি শান্তিপূর্ণভাবে মীমাংসা করে যার যার জমি বুঝিয়ে দিয়েছি। সে মোতাবেক তারা দুই পক্ষ ভোগদখলে আছেন।’





