শার্শায় সীমান্ত নদী থেকে বিএসএফ’র নির্যাতনে আহত যুবক উদ্ধার

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে রবিবার দুপুরে রাজু আহম্মেদ (২৪) নামে এক বাংলাদেশি যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে পুটখালী বিজিবি। আহত যুবককে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। রাজু আহম্মেদ পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে ফিরছিল। এ সময় আংরাইল ক্যাম্পের বিএসএফ তাকে আটক করে। তাকে নির্যাতন করে ইছামতি নদীর পাড়ে ফেলে রেখে যায় বলে বিজিবিকে রাজু জানিয়েছেন। আহত যুবক শার্শা থানার লণপুর ইউনিয়নের গোড়পারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান,এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি ইছামতি নদীর পাড়ে এক যুবক পড়ে আছে। পরে বিজিবির একটি টহল দল নিয়ে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তিনি জানান ভারত থেকে অবৈধ ভাবে তিনি বাংলাদেশে প্রবেশ করছিলেন। এ জন্য তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ভাগ