লোকসমাজ ডেস্ক॥ ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে তর সইছে না অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভেন স্মিথের। তার মতে অস্ট্রেলিয়া-ভারত সিরিজটি হবে ‘অবিশ্বাস্য উত্তেজনাময়।’ অক্টোবর ও জানুয়ারিতে ভারত দুইবার অস্ট্রেলিয়া সফর করবে। তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার পাশাপাশি দুই দল খেলবে চারটি টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচগুলি হবে বছরের শেষদিকে। দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে স্মিথ বলেছেন, ‘অসাধারণ একটি সিরিজ খেলতে মুখিয়ে আছি। বলার অপেক্ষা রাখে না দীর্ঘদিন মাঠের বাইরে আছি। যখন ফিরবো তখন প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট পাবো। সিরিজটি অবিশ্বাস্য হবে।’
৩ ডিসেম্বর ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্ট হবে। এরপর ১১ থেকে ১৫ পর্যন্ত অ্যাডিলেডে দিবারাত্রির টেস্ট খেলবে দুই দল। বক্সিং ডে টেস্টটি হবে মেলবোর্নে এবং ৩ জানুয়ারি সিডনির টেস্ট দিয়ে সফর শেষ করবে ভারত। এদিকে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন স্মিথ। কথার ঝাঁপি খুলে স্মিথ বলেছেন, ‘মাঠে আমার সাথে বেশ কয়েকবার তার সাথে কথা হয়েছে। এছাড়া এদিক-সেদিকে বেশ কয়েকবার কথা বলেছি। সাম্প্রতিক সময়ে ভারতের অবস্থা জানার জন্য কথা হয়েছে। অসাধারণ ব্যক্তিত্ব। আমরা দুজনই মাঠে কঠিন প্রতিপক্ষ। দলের জন্য সব সময় আমরা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে থাকি।’ গত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নামার সময় দর্শকদের থেকে দুয়োধ্বনি পাচ্ছিলেন স্মিথ। ভারতের অধিনায়ক কোহলি দর্শকদের থামিয়ে স্মিথের জন্য তালি দেওয়াও আহ্বান করেন। এজন্য আইসিসির স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ডও পেয়েছেন কোহলি। কোহলির সেই মহানুভবতা এখনও মনে রেখেছেন স্মিথ, ‘আমি তার অবদানকে শ্রদ্ধা করি এবং আমি তার সঙ্গে এটা নিয়ে কথাও বলেছিলাম। যেভাবে সে ভারতীয় দলকে পরিচালনা করছে এক কথায় অসাধারণ।’





