স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় দু জন নিহত হয়েছেন। নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কে বালি বোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলে ইজিবাইকে থাকা ২ জন যাত্রী নিহত হয়। আহত হয়েছেন অপর একজন। ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেছে। শনিবার সকাল ৬ টায় যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া পীরবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বালিবোঝাই একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-০১৫৬) মহাসড়কে ওঠার সময় যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এ সময় ইজিবাইকে থাকা উপজেলার সাভারপাড়া গ্রামের দবির বিশ্বাসের ছেলে মনিরুল বিশ্বাস (৪৫) ও ফুলতলা উপজেলার খানজাহান আলী এলাকার আব্দুল মালেকের ছেলে মিজানুর রহমান (৫৫) নিহত হন। অপরদিকে গুরুতর আহত হন ফুলতলা উপজেলার জুগ্নিপাশা গ্রামের ইমামুল শেখ (১৮)। আহত ইমামুলকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন চৌধুরী দুর্ঘটনায় নিহত দু জনের কথা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।





