নড়াইল অফিস ॥ নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিমল কুমার রায় (৬০) এবং কার্ত্তিক সরকার (৩৫) নামে দু জনের মৃত্যু হয়েছে। বিমল রায় শনিবার সকালে নিজ বাড়িতে এবং কার্ত্তিক সরকার শুক্রবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
স্থানীয় ইউপি সদস্য কোবাদ মোল্লা জানান, কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মৃত বিমল রায়ের ছেলে বৈদ্যনাথ রায় সাতক্ষীরায় যমুনা ব্যাংকে চাকরি করেন। পনের দিন আগে তিনি করোনা উপসর্গ নিয়ে পুরুলিয়া গ্রামে নিজ বাড়িতে আসেন। সুস্থ হয়ে তিনি কর্মস্থলে ফিরে যান। এরপর থেকে তার বাবা বিমল রায়ের জ¦র, কাশি, শ্বাসকষ্ট দেখা দেয়। করোনা উপসর্গ নিয়ে শনিবার সকাল সাড়ে ৬ টায় বিমল রায় নিজ বাড়িতে মারা যান। এছাড়া করোনা উপসর্গ নিয়ে একই গ্রামের কার্ত্তিক সরকার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সন্ধ্যায় মারা যান। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মৃত বিমল রায়ের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শনিবার দুপুরে তার সৎকার করা হয়। নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন জানান, তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের দু সদস্যসহ ৮ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনিবার পর্যন্ত জেলায় হাইওয়ে পুলিশের ১৬ জন সদস্য, ৮ জন চিকিৎসকসহ মোট ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ চিকিৎসকসহ ২৩ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং দুইজন মারা গেছেন। সিভিল সার্জন আরো জানান, নতুন আক্রান্তের মধ্যে তুলারামপুর হাইওয়ে পুলিশের দুই সদস্যকে পুলিশ ক্যাম্পে এবং অন্যদের নিজ নিজ বাসায় হোম আইসোলেশনে রাখা হয়েছে।





