স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ডের ঋষিপাড়া মহল্লা রেড জোন ঘোষণার পর লকডাউন করে প্রশাসন। কিন্তু বাস্তবে প্রেক্ষাপট ভিন্ন বলে জানান এলাকাবাসী। মহল্লার পুরুষেরা জুতা সেলাই ও সেলুনের কাজসহ নানা কাজে বের হচ্ছেন। মহিলারা বিভিন্ন অজুহাতে রাত অবধি বাড়ি থেকে বাইরে বের হচ্ছেন এবং ঢুকছেন। এ দিকে বাড়ির ছোট ছোট শিশুরা বাজারে মেলামেশা করছে অন্য শিশুদের সাথে। একই অবস্থা বাইরের লোকজনের ক্ষেত্রেও। প্রয়োজনে অপ্রয়োজনে ওই মহল্লায় সব ধরনের মানুষের আনাগোনা দেখা যাচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
এদিকে প্রশসনের পক্ষ হতে বলা হচ্ছে, হাসিব ইলেকট্রনিক্্েরর দোকান হতে দক্ষিণে কুতুব উদ্দিনের বাড়ি, পূর্বে কাজীপাড়ার গলি হতে দক্ষিণে সড়ক এবং উত্তরে যশোর-চৌগাছা মেইন সড়ক পর্যন্ত লকডাউনের আওতায় থাকবে। উত্তরে অর্থাৎ মেইন সড়কের গা ঘেঁষা সকল ব্যবসা প্রতিষ্ঠান লকডাউনের দিন হতে নিয়মিত খোলা রেখে চলছে ব্যবসা, একই অবস্থা ঋষিপল্লীতে প্রবেশে সড়কের পাশের দোকানগুলোর। এই অবস্থায় যদি লকডাউন চলে তাহলে ভীতি থেকেই যাচ্ছে। লকডাউনের বাইরে অর্থাৎ ৭ নং ওয়ার্ডের একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, লকডাউনের কোনো কিছুই মানা হচ্ছে না। এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। লকডাউনের আওতায় থাকা সকলেই নিয়মিত ভাবে বাড়ি থেকে বের হচ্ছে ও প্রবেশ করছে আসছে অন্য এলাকার মানুষও। বিষয়টি আরও গুরুত্বের সাথে দেখা দরকার বলে অনেকেই মনে করছেন।





