চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় ফেনসিডিল ও গাঁজাসহ সাবদার হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সাবদার চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে। চৌগাছা থানা পুলিশের এসআই বিপ্লব রায় জানান, শনিবার বেলা ১১ টার দিকে পুলিশ বল্লভপুর গ্রামের নিজ বাড়ি থেকে সাবদারকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে বসতবাড়ির পাশের একটি কচু ক্ষেত থেকে পাঁচটি কার্টনে ভর্তি ১৪০ বোতল ফেনসিডিল এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। চৌগাছা থানা পুলিশের ওসি রিফাত খান রাজিব বলেন, আটক সাবদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চৌগাছা এবং ঝিনাইদহের মহেশপুর ও কালীগঞ্জ থানায় পাঁচটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন। তিনি বলেন, সাবদারের স্ত্রীকেও অতিসম্প্রতি পুলিশ মাদকসহ আটক করে। তার শ্বশুরও মাদক মামলার আসামি। সাবদারের গোটা পরিবারই মাদক ব্যবসায় জড়িত বলে জানান ওসি রিফাত খান।





