বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলা তাফালবাড়ি স্কুল এন্ড কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠেছে। এই পদে নিয়োগের ক্ষেত্রে মোটা অংকের অর্থ লেনদেন হতে পারে এমন অভিযোগ করেছেন প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. ওবায়দুল হক। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক বরাবর লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৭ ফেব্রুয়ারি পত্রিকায় চতুর্থ শ্রেণির কর্মচারীর একটি শূন্য পদে নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা হয়। যার প্রেক্ষিতে ২২ জুন নিয়োগ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া প্রমাণ করে এই নিয়োগে অবৈধ পন্থা অবলম্বনের সম্ভাবনা রয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিশ^স্ত সূত্রে জানা যায় বর্তমানে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারী মো. আলী হোসেনের পুত্র মো. রহিম হাওলাদারকে এই পদে নিয়োগ দেওয়ার জন্য মোটা অংকের টাকার লেনদেন চলছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মানিক চাঁদ রায়সহ গভর্নিং বডির সদস্যরা এই লেনদেনের সাথে জড়িত রয়েছেন বলে তারা ধারণা করছেন।
অভিযুক্ত অধ্যক্ষ মানিক চাঁদ রায় বলেন, যেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি সেখানে দুর্নীতির প্রশ্নই আসে না। আর ২২ জুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার জন্য আমরা ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। এছাড়া যাতে কোন রকম অনিয়ম না হতে পারে সেজন্য আমরা স্থানীয় সাংবাদিক, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছি। সর্বপরি এই নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’ প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন খোকন বলেন, ‘প্রতিষ্ঠান পরিচালনা কমিটির একজন সদস্য একটি অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছি। এখন পর্যন্ত এই নিয়োগে কোন প্রকার অনিয়ম খুঁজে পাওয়া যায়নি। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে।’





