স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার তফসীডাঙ্গায় গত বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশিক (২২) নামে একজন ট্রাক্টরচালককে ছুরিকাঘাত করা হয়েছে। আহত ট্রাক্টরচালক বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তার পিতা তফসীডাঙ্গার বাসিন্দা আবু তাহের ৮ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছেন। আবু তাহেরের অভিযোগ, তার ছোট ছেলে আশিক ট্রাক্টরচালক। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তার ছেলে ও পুলেরহাটের ইরশাদের ছেলে টিটো একটি ইজিবাইকে করে তফসীডাঙ্গায় যাবার পথে তুচ্ছ ঘটনায় দু জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে দুপুর পৌনে একটার দিকে টিটোর নেতৃত্বে একদল দুর্বৃত্ত তফসীডাঙ্গার জনৈক মকবুলের স-মিলের সামনে তার ছেলেকে পেয়ে চড়াও হয়। তারা তাকে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে। এ সময় চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত আশিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, এ ঘটনায় টিটোসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অন্যান্য আসামি হচ্ছে মন্ডলগাতির শিমুল, ইমন, জাকির, টুটুল, পুলেরহাটের বাবু, বেড়বাড়ি গ্রামের ফয়সাল ও তফসীডাঙ্গার হৃদয়।





