চৌগাছা ফাউন্ডেশনের করোনা সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক মাসব্যাপী চলা নানা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। চৌগাছা ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় স্বাধীনতা ভাস্কার্য মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর ফাউন্ডেশনের পক্ষ হতে সড়কে চলাচলরত পথচারিসহ নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া যে সকল ব্যক্তি মুখে মাস্ক ছাড়া বাজারে এসেছিলেন তাদেরকে মাস্ক পরিয়ে দেয়া ও প্রত্যেকের হাতে জীবাণুনাশক স্প্রে করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। ফাউন্ডেশনের মুখপাত্র ও যশোর গেজেট পত্রিকার সম্পাদক মাসুদ পারভেজ বলেন, করোনা ভাইরাস সম্পর্কে মানুষ এখনও বেশ অসচেতন। মূলত সমাজের সব শ্রেণির মানুষকে করোনা সম্পর্কে সচেতন করাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়ে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি। এ সময় মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যাপক ড. আব্দুস শুকুর, রিপোর্টার্স কাবের সিনিয়র সহ-সভাপতি এম হাসান মাহমুদ, শিক্ষক কামারুল ইসলাম, বিএম রাজু, এহেসান আহমেদ অভি, হাসিবুজ্জামান আকাশ, মিথুন রায়, স্বাধীন আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

ভাগ