চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে ক্ষতিগ্রস্তরা আজও তেমন কোনো ক্ষতিপূরণ পাননি। গত ২০ মে রাত ১১ টার পর থেকে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্পানের তান্ডব চৌগাছাবাসীর ওপর দিয়ে বয়ে। গভীর রাতে পৌরসভার হুদা চৌগাছায় গাছ উপড়ে টিনের ঘরে পড়ে একই পরিবারের মা ও মেয়ের মৃত্যু হয়। পৌর এলাকার কংশারীপুর প্রাইমারি স্কুলের পেছনের বাসিন্দা মাহাবুবুর রহমান জানান, তার বাড়ির সামনের শতবর্ষের বট গাছের ডাল ভেঙে তার গোয়াল ঘরের ওপর বিকট শব্দে পড়ে। সেই গাছ আজও গেটের ওপর পড়ে আছে। আম্পানের তান্ডবে অপূরণীয় ক্ষতি হয়েছে এ জনপদের লাখো মানুষের। কিন্ত সেই তুলনায় সরকারি বা বে-সরকারি তেমন কেনো সহযোগিতা পায়নি ক্ষতিগ্রস্ত মানুষ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বলেন, গোটা উপজেলাতে সরকারি হিসেবে প্রায় দেড় শ কোটি টাকার মত ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় আম্পানের কারণে। ক্ষয়-ক্ষতির চিত্র তুলে ধরে তা সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ২শ বান্ডিল ঢেউটিন, নগদ ৬ লাখ টাকা আর ১৫ মেট্রিক টন চাল পাওয়া গেছে। যা ক্ষতিগ্রস্তদের বিতরণ করা হয়েছে। খুব দ্রুত সময়ে আরও কিছু টিন,চাল ও টাকা পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।





