স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের ব্যস্তময় সড়ক পাগলাকানাই থেকে চন্ডিপুর বাজার রাস্তার বিভিন্ন স্থানে ভেঙে খাদের সৃষ্টি হয়েছে। বছর খানেক আগেই রাস্তাটির বিভিন্ন অংশে মেরামত করা হয়েছে। চন্ডিপুর গ্রামের মামুন সোহাগ জানান, আগের তুলনায় ভাল হওয়ায় এই সড়কটি কোটচাঁদপুর ও মহেশপুর যাওয়ার নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন এই সড়ক দিয়ে মহেশপুর, কোটচাঁদপুর, জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে। তিনি জানান, কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ি বাজার পার হয়ে মসজিদ সংলগ্ন রাস্তাটির বেজ ভেঙে খোয়া ও পিস উঠে গেছে। কদিনের টানা বৃষ্টিতে সেখানে এক বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, এই ভাঙা স্থানে যাত্রীসহ গাড়ি উল্টে যাচ্ছে। কোন সময় ট্রাকের চাকা ভেঙে বন্ধ হয়ে যাচ্ছে যান চলাচল। সড়কটিতে আমা ইটের খোয়া আর বালি ফেলে সমাধান করার চেষ্টা করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে প্রতিদিন ডেফলবাড়ি, গান্না, চন্ডিপুর, শৈলমারী ও বাজারগোপালপুরগামী হাজারো মানুষ বেহাল এ সড়ক দিয়ে চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছেন। তথ্য নিয়ে জানা গেছে, কালুহাটি স্কুল থেকে কদমতলা মোড় পর্যন্ত রাস্তাটিও নাজুক। এলাকার মেম্বার ও চেয়ারম্যানরা এসব বিষয়ে সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়ে প্রতিকার চাইতে পারেন বলে এলাকাবাসী মনে করলেও তারা এদিকে খেয়াল করেন না বলে অভিযোগ।





