শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রাম থেকে একটি হরিণের মাথাসহ ১০ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরী, স্থানীয় সিপিজি ও টাইগার টিমের সদস্যরা মাথাসহ হরিণের এ মাংস উদ্ধার করেন। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মধ্যসোনাতলা গ্রামের মৃত কদম আলীর তালুকদারের ছেলে হাবিব তালুকদারের বাড়িতে হরিণের মাংস থাকার অভিযোগে তলাশি চালানো হয়। তার বাড়ির অদূরে একটি পরিত্যক্ত জায়গার গর্ত থেকে অর্ধগলিত একটি হরিণের মাথা ও ১০ কেজি মাংস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাংস রাতেই ভোলা ফরেস্ট ক্যাম্প সংলগ্ন বনে মাটি চাপা দেওয়া হয়। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়।





