লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ায় হত্যা মামলায় একজন সাংবাদিককে আসামি করায় প্রতিবাদ সভা করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। বুধবার সন্ধ্যায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মো. খায়রুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জহির ঠাকুর, শিমুল হাসান, মো. সেলিম জাহাঙ্গীর, মাহফুজুল ইসলাম মন্নু, মো. মোস্তফা কামাল, সরদার রইচ উদ্দীন টিপু প্রমুখ। সভায় হত্যাকান্ডের সঠিক তদন্ত দাবিসহ সংবাদকর্মীকে আসামি করার প্রতিবাদ জানানো হয়। উল্লেখ্য, কাশিপুর ইউনিয়নের গন্ডবগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে জেলা পরিষদ সদস্য শেখ সুলতান মাহমুদ বিপ্লব গ্রুপ ও একই গ্রামের সাবেক মেম্বার মিরাজ মোল্লার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত ১০ জুন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে মিরাজ মোল্লা গ্রুপের তিনজন খুন হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়। এরমধ্যে রফিকুল শেখ হত্যা মামলায় মানবজমিন ও গ্রামের কাগজ প্রতিনিধি শাহজাহান খান সাজুকে আসামি করা হয়েছে।





