স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর)॥ যশোরের মনিরামপুরের কাশিপুর গ্রামে বুধবার রাতে তিন কৃষকের বাড়িতে চেতনানাশক দিয়ে সকলকে অচেতন করে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা এ সময় তিন বাড়ি থেকে নগদ ৫৫ হাজার টাকা, স্বর্র্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে গেছে। অন্যদিকে মনোহরপুর ও হায়াতপুর গ্রামে দুই কৃষকের দুইটি গরু চুরি হয়। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মনিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই দেবাশীষ মন্ডল জানান, উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের কৃষক ইউনুস আলী, ইসহাক আলী এবং আবুল বাসারের বড়িতে বুধবার রাতে চুরি হয়। তিনি জানান, এদিন বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে এ তিন পরিবারের লোকজন দরজা খোলা রেখে বিশ্রাম নেয়ার সময় ঘুমিয়ে পড়েন। কৃষক ইউনুচ আলী জানান, বৃহস্পতিবার সকালে পাশের বাড়ির লোকজন এসে তাদের ঘুম ভাঙান। একই বর্ণনা দেন অপর দুই কৃষক আবুল বাশার ও ইসহাক আলী। এর মধ্যে ইউনুচ আলীর নগদ ৫০ হাজার, প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার, আবুল বাশারের পাঁচ হাজার টাকা, নয় ভরি স্বর্ণালঙ্কার এবং ইসহাক আলীর দুই ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি হয়। অপরদিকে একই রাতে মনোহরপুর গ্রামের কৃষক তৌহিদুর রহমান এবং হায়াতপুর গ্রামের কৃষক কামরুল সরদারের গোয়ালঘর থেকে দুইটি গরু চুরি হয়। কাশিপুর গ্রামের চুরি হওয়া তিন কৃষকের বাড়ি পরিদর্শনের পর এস আই দেবাশীষ মন্ডল জানান, ধারনা করা হচ্ছে তরল জাতীয় কোন চেতনানাশক স্প্রে করে পরিবারের লোকজনকে অচেতন করে চোরেরা চুরি করেছে। ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, চুরির ব্যাপারে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।





