হংকং জাতীয় নিরাপত্তা আইন স্ট্যান্ডিং কমিটির সামনে খসড়া উপস্থাপন, দ্রুত পাসের ইঙ্গিত

লোকসমাজ ডেস্ক॥চীনা পার্লামেন্টের সর্বোচ্চ ক্ষমতাধর স্ট্যান্ডিং কমিটির সামনে উপস্থাপন করা হয়েছে হংকংয়ের উপর আরোপের জন্য তৈরি জাতীয় নিরাপত্তা আইনের খসড়া। এ থেকে ইঙ্গিত মিলছে যে, চীনা কর্তৃপক্ষ আইনটি দ্রুত পাস করতে চায়। আইনটি পাস হলে আধা-স্বায়ত্ত্বশাসিরত হংকংয়ের উপর চীনের প্রভাব নাটকীয়ভাবে বেড়ে যাবে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
চীনের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সিনহুয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার ন্যাশনাল পিপল’স কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সামনে উপস্থাপন করা হয়েছে হংকং জাতীয় নিরাপত্তা আইনের খসড়া। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপি অধিবেশনে আইনটির খসড়া চূড়ান্ত করা হবে। সাধারণত চীনে পার্লামেন্টে কোনো বিল এনপিসি কমিটির তিন দফা আলোচনার মধ্য দিয়ে যায়। কমিটিটি প্রতি ২ মাস পরপর অধিবেশনে বসে। কিন্তু চীনা কর্মকর্তারা গত মাসে জানান, নিরাপত্তা আইনটি কোনো বিলম্ব না করেই বাস্তবায়ন করা হবে।
এমনকী এ সপ্তাহেই পাস হতে পারে আইনটি।
সিনহুয়ার প্রতিবেদনে উপস্থাপিত খসড়া নিয়ে তেমন কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে বলা হয়েছে, আইনটিতে চারটি প্রধান অপরাধ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রীয় ক্ষমতার অবমাননা, সন্ত্রাসী কার্যক্রম। এছাড়া প্রতিবেদনটিতে অপরাধগুলোর শাস্তিও উল্লেখ করা হয়েছে।
চতুর্থ অপরাধটি জোরদার করেছে বেইজিং। চতুর্থ অপরাধটি হচ্ছে, বৈদেশিক হস্তক্ষেপ সম্পর্কিত। পূর্বে হংকংয়ের আভ্যন্তরীণ ইস্যুতে বৈদেশিক শক্তির হস্তক্ষেপকে অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব দেয়া হয়েছিল। এবার তা আরো জোরদার করা হয়েছে। নতুন খসড়া অনুসারে, বৈদেশিক ও বাইরের শক্তির সঙ্গে সংশ্লিষ্টতাকেও অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভাগ