স্টাফ রিপোর্টার ॥ যশোরে চাঁদাবাজির একটি মামলায় চিহ্নিত সন্ত্রাসী মোকছেদুর রহমান ওরফে ভুট্টোসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এস আই চন্দ্র কান্ত গাইন এই চার্জশিট দাখিল করেন। চার্জশিটে অভিযুক্তরা হচ্ছে যশোর শহরের খড়কি বামনপাড়ার মফিজুর রহমান মফিজের ছেলে মোকছেদুর রহমান ওরফে ভুট্টো ও তার শ্যালক মুস্তাফিজুর রহমান ওরফে মুস্তাক, খড়কি মুন্সিপাড়ার গফ্ফারের বস্তির পিকুলের বাড়ির ভাড়াটিয়া আমীর আলী শেখের ছেলে হেলাল শেখ, নুর ইসলামের ছেলে শাহ আলম, হাবিব ঢালীর ছেলে মিন্টু ঢালী ও কারবালা ধোপাপাড়ার দেবেন মন্ডলের বাড়ির ভাড়াটিয়া মিরাজ বিশ্বাসের ছেলে সন্ত্রাসী ভুট্টোর মামাতো শ্যালক হাফিজুর রহমান ওরফে ছোট হাফেজ। মামলা সূত্রে জানা যায়, বিশেষ বাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল আব্দুর রহিমের জামাই শহরের খড়কি কবরস্থানপাড়ার আব্বাসীয়া নুরানী মাদ্রাসার পাশে জমি কিনেছেন। এই জমি কেনার সময় ওই ব্যক্তির জামাইয়ের কাছে ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলো সন্ত্রাসী ভুট্টো ও তার সঙ্গীরা। ফলে ভয়ে তাদেরকে সেই সময় ৫ হাজার টাকা চাঁদা দেয়া হয়েছিল। এরপর ২০১৯ সালের ২৮ নভেম্বর ওই জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করা হয়। জামাইয়ের বাড়ির নির্মাণ কাজ দেখভাল করতেন আব্দুর রহিম। সন্ত্রাসী ভুট্টো তার কাছে চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা না পেয়ে বাড়ির সামনে এক ট্রাক বালি ফেলে রাখে। সরিয়ে নিতে বললে সে এবার ৩৬ হাজার টাকা চাঁদা দাবি করে। এরপর রাজমিস্ত্রিকে ভয়ভীতি দেখিয়ে ২ হাজার টাকা চাঁদা নেয় ভুট্টো ও তার সহযোগীরা। গত ১৯ ফেব্রুয়ারি তারা ফের আব্দুর রহিমের কাছে চাঁদা দাবি করে। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তাকে মারপিট করে। এ ঘটনায় আব্দুর রহিম কোতয়ালি থানায় মামলা করেন। এই মামলার তদন্ত শেষে উল্লিখিতদের আসামি করে আদালতে চার্জশিট দেয় ডিবি পুলিশ।





