নওয়াপাড়ায় ডেটল, স্যাভলন ও সিভিট ট্যাবলেটের সংকট

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোর অভয়নগরের শিল্পশহর নওয়াপাড়ার ওষুধের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না ডেটল, স্যাভলন ও ভিটামিন সি-যুক্ত সিভিট ট্যাবলেট। মহামারি এই করোনাকালে শুধু নয়, দীর্ঘদিন ধরে বাড়িঘর, কাপড়-চোপড় পরিষ্কারের জন্য ব্যবহৃত হচ্ছে ডেটল ও স্যাভলন। মহামারি করোনা শুরুর কিছুদিনের মধ্যেই সংকট দেখা দেয় নিত্য প্রয়োজনীয় এই পণ্যের। ওষুধের দোকানগুলোতে খবর নিলে তাদের একটাই কথা, ‘সাপ্লাই নেই ডেটল-স্যাভলনের।’ ফলে ক্রেতা সাধারণ নিরুপায় হয়ে স্যাভলন ও ডেটলের বিকল্প পণ্য খোঁজা শুরু করেন। অনেকেই স্যাভলন আর ডেটলের পরিবর্তে চড়া দামে অন্য কোম্পানির তৈরি স্যানিটাইজার পণ্য কিনে ব্যবহার করছেন। অপরদিকে গত দু’সপ্তাহ ধরে ওষুধের দোকানে মিলছে না সিভিট ট্যাবলেট। এ ক্ষেত্রেও দোকানিদের একই কথা, ‘সাপ্লাই নেই।’ বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, অতি গুরুত্বপূর্ণ তিনটি পণ্য দেশীয় ওষুধ কোম্পানি এসিআই’র এ্যান্টিসেপ্টিক স্যাভলন, ভারত থেকে আমদানিকৃত ডেটল ও দেশীয় স্কয়ার কোম্পানির সিভিট ট্যাবলেট। নওয়াপাড়া সদরের পাইকারি ও খুচরা ওষুধের দোকান মেডিসিন কর্ণার, সোনালী ফার্মেসী, সাহা ফার্মেসী, জনতা ফার্মেসী, সততা ড্রাগ হাউজ, আজিজ ড্রাগ হাউজ, রহমান মেডিকেল, ভৈরব ফার্মেসী, এশিয়া ফার্মেসীতে গিয়ে পাওয়া যায়নি অতি প্রয়োজনীয় ওই তিনটি পণ্য। ক্রেতারা জানান, বর্তমান সময়ে স্যাভলন, ডেটল ও সিভিট ট্যাবলেটের কিছুটা সংকট থাকতে পারে, তবে ওষুধ বিক্রেতারা যেভাবে বলছেন সেটা সঠিক নয়। অসাধু ব্যবসায়ীরা করোনাকে পুঁজি করে অধিক মুনাফার জন্য এসব পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করছেন বলে অভিযোগ ক্রেতাদের। নওয়াপাড়া বাজারের মোল্যা ফার্মা’র মুশফিকুর রহমান জানান, সাপ্লাই না থাকার কারণে তার দোকানে ডেটল, স্যাভলন ও ভিটামিন সি-যুক্ত সিভিট ট্যাবলেট নেই অনেকদিন ধরে। স্কয়ার কোম্পানির এমআর (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) শিহাব উদ্দিন তার কোম্পানির উৎপাদিত পণ্য সিভিট ট্যাবলেট সংকট সম্পর্কে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে পারব।

ভাগ