স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া মহল্লা রেডজোন ঘোষণা করায় ওই মহল্লাকে উপজেলা প্রশাসন, পৌরসভা ও স্বাস্থ্যবিভাগ কর্তৃপক্ষ মঙ্গলবার লকডাউন ঘোষণা করে। লকডাউন ঘোষণার পাশাপাশি মহল্লার বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক ও গলিপথে বাঁশ বেঁধে চলাচল বন্ধ করে দেয়া হয়। গুরুত্বপূর্ণ স্থান ঋষিপাড়া মহল্লাকে লকডাউন করা হয়েছে লেখা ফেস্টুন দেখা গেলেও মানুষকে ঘরে থাকতে দেখা যায়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন এলাকার সড়কগুলোতে মঙ্গলবার আনছার সদস্যদের উপস্থিতি দেখা গেলেও বুধবার সারাদিন তাদের দেখা মেলেনি। ফলে ঋষিপল্লীতে বসবাসরত সকল পেশার মানুষকে সকালেই বাড়ি থেকে বের হতে দেখা গেছে। এমনকি অন্য এলাকার মানুষকেও সেখানে প্রবেশ করতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে মহল্লার এক গরু ব্যবসায়ী বলেন, বাড়ি থাকলে কিভাবে সংসার চলবে, তাই ভিন্ন পথ দিয়ে বাড়ি থেকে বেরিয়েছি। ঋষিপল্লীতে প্রবেশ করা এক ব্যক্তি জানান, গত ৩ দিন বাড়িতে ছিলাম না আজ বাড়ি এসেছি, বাড়ি না গেলে যাব কোথায় ? এদিকে লকডাউন এলাকার মধ্যে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোও খোলা রাখা হয়েছে। লকডাউন যদি কঠোরভাবে পালন করা না হয় তাহলে এর খেসারত সকলকেই দিতে হবে এমনটি বলছেন সচেতন মহল।





