খুলনার ১৪ টি পয়েন্ট ‘রেড জোন’ চিহ্নিত

খুলনা ব্যুরো ॥ করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ রুখতে খুলনার ১৪টি পয়েন্টকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে এসব এলাকাকে লক ডাউন করার সুপারিশ করেছে খুলনার সিভিল সার্জন। চিহ্নিত পয়েন্টগুলো হচ্ছে খুলনা মহানগরীর ৮, ৯, ১৪, ১৬, ১৭, ১৮, ১৯, ২১, ২২, ২৪, ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ড এবং দিঘলিয়া উপজেলার সেনহাটি ও রূপসা উপজেলার আইচগাতি এলাকা। ইতিমধ্যেই চিহ্নিত পয়েন্টগুলো উল্লেখ করে মঙ্গলবার জেলা প্রশাসক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে চিঠি দেওয়া হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণের মাত্রা বেশি এমন এলাকায় ‘রেড জোন’ ঘোষণা করার উদ্যোগ নিয়েছে সরকার। এসব এলাকায় লক ডাউনসহ সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে। খুলনায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৪৪৫ জন। এর মধ্যে মারা গেছেন ৯ জন। জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, জোন ভিত্তিক লক ডাউনের মাধ্যমে করোনা পরিস্থিতি থেকে উত্তোরণের পরিকল্পনা করা হয়েছে। কোথায় লক ডাউন হবে সেটি স্থানীয় প্রশাসন ঠিক করবে। তবে জেলার অধিক সংক্রমণ হয়েছে এমন ১৪ টি পয়েন্ট চিহ্নিত করে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

ভাগ