লোকসমাজ ডেস্ক॥ অবশেষে চলতি চ্যাম্পিয়নস লিগের পূর্ণ সূচি ঘোষণা করেছে উয়েফা। আগামী ৭ আগস্ট থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের মৌসুমের বাকি আসর। পর্তুগালের লিসবনে ২৩ আগস্টের ফাইনাল দিয়ে যার পর্দা নামবে। এবারের চ্যাম্পিয়নস লিগ অনেকটা মিনি টুর্নামেন্টের মতো আয়োজন করা হবে। কোয়ার্টার বা সেমিফাইনালে এবার সরাসরি নকআউট স্টেজের ম্যাচ হবে।
সাধারণত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে দুই লেগ করে খেলা হয়ে থাকে। তবে চলতি বছর করোনাভাইরাস বিপর্যয়ের কথা মাথায় রেখে এক লেগ করে আয়োজনের পরিকল্পনা করছে উয়েফা কর্তৃপক্ষ। করোনাভাইরাসের কারণে গত ১৩ মার্চ থেকে বন্ধ উয়েফা চ্যাম্পিয়নস লিগের খেলা। ধীরে ধীরে প্রায় সব লিগ চালু হওয়াতে উয়েফাও চ্যাম্পিয়নস লিগের পরিকল্পনা নিশ্চিত করেছে। টুর্নামেন্টটি স্থগিত হওয়ার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেইন্ট জার্মেই, লাইপজিগ, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আতালান্তা।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর এখনো চারটি ম্যাচ বাকী। সে ম্যাচগুলোতে মুখোমুখি হবে বার্সেলোনা-নাপোলি, রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস-অলিম্পিক লিও এবং চেলসি-বায়ার্ন মিউনিখ। আগামী ৭ আগস্ট (শুক্রবার) এবং ৮ আগস্ট (শনিবার) এই ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করেছে উয়েফা। তবে এই ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কিছু নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। ম্যাচগুলো পর্তুগালের লিসবন শহরে কিংবা আগের সূচি অনুযায়ী দ্বিতীয় লেগের হোম দলের মাঠে অনুষ্ঠিত হতে পারে। নতুন সূচি অনুযায়ী ১২ থেকে ১৫ আগস্ট পর্যন্ত টানা চারদিনে হবে কোয়ার্টার ফাইনালের চার ম্যাচ। এরপর দুইদিন বিরতি দিয়ে ১৮ এবং ১৯ আগস্টে টানা হবে সেমিফাইনালের দুই ম্যাচ। আর সবশেষে ২৩ আগস্ট লিসবনের ফাইনাল দিয়ে পর্দা নামবে ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের। আর ফাইনালসহ সবগুলো ম্যাচ পর্তুগালের লিসবন শহরে করার পরিকল্পনা সাজানো হয়েছে।





