পিসিবি সভাপতিও কোনো আশা দেখছেন না

লোকসমাজ ডেস্ক॥ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি বিশ্বাস করেন, ২০২০ সালে অস্ট্রেলিয়ায় ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন কোনোভাবেই সম্ভব না। তার মতে, বিশ্বকাপ এক বছর পিছিয়ে যেতে পারে। আগামী তিন থেকে চার সপ্তাহেই চলে আসবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। এর আগে গতকাল ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান আর্ল এডিংসও বলেছেন, ‘করোনার এই বিপর্যয়ে বিশ্বকাপ আয়োজনের চিন্তা করাটা অবাস্তব।’ গত ১০ জুন আইসিসির বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও আইসিসি আরও একমাস সময় নিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আগামী জুলাইয়ে সিদ্ধান্ত জানানোর পক্ষে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বুধবার অনলাইনে সংবাদ সম্মেলন করেন এহসান মানি। সেখানে বিশ্বকাপ প্রসঙ্গও উঠে আসে। এহসান মানি বলেন, ‘যদিও অস্ট্রেলিয়া ও নিউজিল‌্যান্ড করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, তবুও তারা বেশ সতর্ক ও সচেতন। এটাই অস্ট্রেলিয়ার জন‌্য সবচেয়ে বড় চ‌্যালেঞ্জ।’ ‘একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন এবং বিশ্বকাপের মতো মহাযজ্ঞ যেখানে ১২ থেকে ১৬টি দল অংশ নেবে…এক কথা নয়। বর্তমান পরিস্থিতিতে অসম্ভব বিষয়।আমার মনে হচ্ছে না ২০২০ সালে আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করা সম্ভব।’ – যোগ করেন মানি। যদিও অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলবেক চলতি সপ্তাহের শুরুতেই জানিয়েছেন তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হওয়ার কথা। প্রথম রাউন্ড পেরিয়ে এ প্রতিযোগিতার মূল আসরে খেলতে হবে বাংলাদেশকে। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। ‘এ’ গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, ওমান, পাপুয়া নিউ গিনি ও শ্রীলঙ্কা। দুই গ্রুপ থেকে সেরা দুই দল যাবে পরের রাউন্ডে। দ্বিতীয় রাউন্ড থেকে শুরু হবে আসল লড়াই। র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ড।

ভাগ