ছাত্রদল নেতা নিখোঁজ, অবশেষে জিডি নিলো ঝিকরগাছার পুলিশ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনসহ দুজনকে তুলে নিয়ে যাওয়ার পর নিখোঁজ ঘটনায় অবশেষে জিডি এন্ট্রি করেছে ঝিকরগাছা থানার পুলিশ। মঙ্গলবার পুুলিশ জিডি এন্ট্রি করে বলে জানিয়েছেন নিখোঁজ ইব্রাহিম হোসেনের মা নুরজাহান বেগম। জিডি নং-৬০৪। উল্লেখ্য, গত ১৩ জুন রাতে ঝিকরগাছা উপজেলার লাউজানি থেকে ইব্রাহিম হোসেন ও তার এক বন্ধুকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তারা নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ইব্রাহিম হোসেনের পরিবারের পক্ষ থেকে ঝিকরগাছা থানায় জিডি করতে গেলে পুলিশ তা গ্রহণে তালবাহনা করতে থাকে। এ সংক্রান্ত একটি সংবাদ মঙ্গলবার দৈনিক লোকসমাজে প্রকাশিত হয়েছে। মঙ্গলবার ঝিকরগাছার পুলিশ নুরজাহান বেগমের জিডি গ্রহণ করে বলে জানা গেছে। এদিকে গতকাল যশোর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ইব্রাহিমের বাড়িতে যান। তারা এ বিষয়ে খোঁজ নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন ইব্রাহিমের মা-বাবাকে। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরানসহ নেতৃবৃন্দ।