স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় এক প্রবাসীর বাড়িতে চুরি হয়েছে। উপজেলার সাতগাছি গ্রামের পুরাতনপাড়ার মৃত আবুল হোসেন মোল্লার বাড়িতে শনিবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। চোররা ঘরের দরজার দুইটি তালা খুলে ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। ওই রাতে আবুল হোসেনের স্ত্রী আখিরণ নেছা বাড়িতে ছিলেন না। জানা গেছে, আখিরণের পুত্রবধূ সিথী খাতুন শাশুড়ির পাশের রুমেই থাকেন। ফলে এই চুরি নিয়ে গ্রামবাসীর সন্দেহের শেষ নেই। বৃদ্ধা আখিরণ নেছা জানান, তার নাতিছেলে আশরাফুলকে দোষারোপ করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো থানায় জিডি হয়নি বলে জানান শৈলকুপা থানার এস আই সাখাওয়াত হোসেন।





