কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ বিএডিসি’র ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় সাতক্ষীরার কলারোয়া ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে। কলারোয়ার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামের প্রান্তিক চাষি আব্দুর রহমান জানান, বিএডিসি’র ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় সদ্যসমাপ্ত ইরি মৌসুমে এক বিঘা পাঁচ কাঠা জমিতে ধান রোপন করেন তিনি। কিন্তু বিএডিসি’র এই প্রকল্পের ম্যানেজার মানিকনগর গ্রামের মৃত এবাদুল্লাহ গাজীর ছেলে আজিবার গাজী ব্যক্তি আক্রোশে তার রোপনকৃত ধান ক্ষেতে সেচের পানি না দেননি। ফলে ধান গাছ মরে যায়। ধান উৎপাদন না হওয়ার কারণে চরম ক্ষতিগ্রস্ত হন ওই কৃষক। এ ঘটনায় তিনি গত ১৬ ফেব্রুয়ারি ওই প্রকল্পের ম্যানেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও প্রতিকার চেয়ে কলারোয়া উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম শাহনেওয়াজ বরাবর অভিযোগ করেন। অভিযোগটি আমলে নিয়ে সরেজমিন তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা কৃষি অফিসার মহসিন হোসেনকে নির্দেশ দেয়া হয়। কৃষি কর্মকর্তা সরেজমিনে তদন্তপূর্বক গত ২০ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদন দাখিল করেন। এদিকে প্রতিবেদন পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার গত ৪ মার্চ সকাল ১১ টায় উভয়পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রাদি ও সাক্ষ্য প্রমাণাদিসহ তার কার্যালয় হাজির থাকার জন্য নোটিশ দেন। ধার্য দিনে উভয়পক্ষের শুনানি ও সাক্ষীদের জবানবন্দিতে তার দেওয়া অভিযোগ সত্য প্রমাণিত হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ বিএডিসি (ক্ষুদ্রসেচ) এর উপ-সহকারী প্রকৌশলী, কলারোয়া ইউনিটকে জরুরি ভিত্তিতে ওই ম্যানেজারকে পরিবর্তন করে অন্য একজনকে ম্যানেজার হিসেবে দায়িত্ব প্রদান করার নির্দেশ দেন। কিন্তু প্রকৌশলী হাবিবুর রহমান হাবিব অদ্যাবধি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ না মানায় তার বিরুদ্ধে কর্তব্য অবহেলা ও সরকারি আদেশ অবমাননার অভিযোগ উঠে। এ বিষয়ে প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, ওই ম্যানেজার পানি না দিয়ে ভুল করেছেন। তবে ম্যানেজার ভুল স্বীকার করেন এবং আগামী মৌসুমে রহমানসহ ওই প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষককে জমিতে পানি দিবেন বলে প্রতিজ্ঞা করেছেন। এ কারণে ম্যানেজারকে পরিবর্তন করা হয়নি বলে তিনি জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়ম আছে শতকরা ৫১ জন কৃষক যদি ম্যানেজারের বিপক্ষে থাকেন তাহলে তাকে পরিবর্তন করা যাবে। তা না হলে নয়।





