শেখ মাসুদ হোসেন, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার কালিগঞ্জ থেকে জব্দকৃত প্রায় ৪৮ মেট্রিকটন সরকারি গম আদালতের নির্দেশনায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে। রবিবার ও সোমবার শ্যামনগর ও আশাশুনির ৬ টি ইউনিয়নের সাড়ে ৬ হাজার হতদরিদ্র বানভাসী মানুষের মাঝে এ গম বিতরণ করা হয়। সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে গম বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জামিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) ইয়াছিন আলী, জেলা বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম বারী প্রমুখ। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক আম্পানে তিগ্রস্ত উপকূলীয় এলাকা শ্যামনগর উপজেলার গাবুরা, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর ও কৈখালী এবং আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলার সাড়ে ৬ হাজার হতদরিদ্র বানভাসী মানুষের মাঝে ১৪ কেজি করে এই গম বিতরণ করা হয়েছে।




