ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলায় নতুন করে ইউএনওসহ দুই ব্যাক্তির শরীরে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে ফুলতলা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯। রবিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআরের রিপোর্ট অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার পারভীন সুলতানা (৩৫) এবং ফুলতলার বুডিয়ারডাঙ্গা গ্রামের মৃত দাউদ শেখের পুত্র ও সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী শেখ আসাদুজ্জামান (৫৩) করোনায় আক্রান্ত হয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, গত ৮ জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়। ৬ দিন পর রবিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর থেকে এ পজিটিভ রিপোর্ট আসে। এর আগে ফুলতলার দামোদর সাহাপাড়া এলাকায় দুর্গাপদ সাহার ছেলে সুমন সাহা (৩৮), ইস্টার্ন জুট মিলস লিমিটেডের ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্স অ্যান্ড ফাইনান্স) মোছা. শারমীন আক্তার (২৭), একই মিল শ্রমিক ও অভয়নগরের নাউলী গ্রামের ইবাদ আলী শেখের ছেলে আজিজুর শেখ (৩৮), মিল শ্রমিক ও একই গ্রামের আজিবর শেখ এর স্ত্রী পারুল বেগম (২৯), মিল শ্রমিক ও ফুলতলার (এম এম কলেজের পাশে) পয়গ্রামের কামরুজ্জামান ওরফে সনুর ছেলে মেহেদী হাসান (২৫), ইস্টার্ন জুট মিলস লিমিটেডের উপ-ব্যবস্থাপক (এক্সপোর্ট) পারভেজ হোসেন (৪৩), ফুলতলায় আগত পুলিশের এএসআই মাহমুদ (৩২) এর শরীরে করোনা পজিটিভ রেজাল্ট আসে।





