নড়াইল অফিস ॥ নড়াইলের কালিয়া থানার পুলিশ কনেস্টবল আলমগীর হোসেন (২৮) তার নিজের শটগানের গুলিতে আহত হয়েছেন। আহত পুলিশ কনস্টেবলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে থানার অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম পুলিশ। ওসি জানান, আহত কনেস্টবল আলমগীর হোসেন সোমবার সকাল ৯ টার দিকে তার নিজের নামে বরাদ্দ থাকা সরকারি গুলিভর্তি শটগানটি পরিষ্কার করছিলেন। এ সময় অসাবধানবশত একটি গুলি বিস্ফোরিত হলে আলমগীরের বাম হাতের আঙ্গুলে বিদ্ধ হয়। আহত ওই কনেস্টবলকে প্রথমে কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।





