ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় করোনা উপসর্গ নিয়ে রাবেয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ফারাসাতপুর গ্রামের শমছের আলীর স্ত্রী। মৃতার ভাগ্নে খাঁন মোহাম্মদ রাজা জানিয়েছেন, তার খালা রাবেয়া বেগম রবিবার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা কিছু পরীক্ষা নিরীক্ষা দেন। করোনা উপসর্গ ভেবে বেসরকারি হাসপাতালগুলো তার পরীক্ষা-নিরীক্ষা করেনি। পরবর্তীতে ২৫০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষ রাবেয়া বেগমকে খুলনা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন। কিন্তু সামর্থ না থাকায় পরিবারের লোকজন রাবেয়া বেগমকে বাড়িতে নিয়ে আসেন। সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের নির্দেশে সোমবার দুপুরে স্থানীয়রা লাশ দাফন করেন।





