স্টাফ রিপোর্টার ॥ যশোর ঝিকরগাছার বেতনা নদী থেকে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলনের মামলায় ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই সুরঞ্জিত কুমার রায় এই চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হচ্ছেন-ঝিকরগাছা উপজেলার শিয়ালঘোনা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম, মৃত মতলেব বিশ্বাসের ছেলে মফিজুর রহমান এবং নুর বক্স মোড়লের দু’ছেলে মিনারুর ইসলাম ও আনারুল ইসলাম। মামলা সূত্রে জানা গেছে, উল্লিখিত আসামিরা বেতনা নদী থেকে দীর্ঘদিন ধরে রাতের বেলায় অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন করে বিক্রি করেছিলেন। এভাবে বালি ও মাটি উত্তোলনের ফলে দুই পাড়ের মালিকানাধীন জমি ও গাছপালা ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছিল। এ ঘটনায় নদী পাড়ের জমির মালিকরা স্থানীয়রা উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। ফলে উপজেলা প্রশাসন আসামিদের বালি ও মাটি উত্তোলন করতে নিষেধ করে। কিন্তু তারপরও আসামিরা বালি ও মাটি উত্তোলন করতে থাকেন। এ কারণে তাদের বিরুদ্ধে গত ১৫ মে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে থানায় মামলা করেন শিমুলিয়া ভূমি অফিসের সহকারী (ভূমি) কর্মকর্তা নেছার উদ্দিন। মামলার তদন্ত শেষে উল্লিখিতদের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।





