স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামে আটক এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে ডিবি পুলিশের ওপর হামলা চালায় তার স্বজনেরা। এ ঘটনায় ডিবি পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ সময় হামলাকারী একজনকে আটক করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, গত ১২ জুন শুক্রবার দুপুর পৌনে একটার দিকে ওসি মারুফ আহম্মদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছার বল্লা গ্রামের মাঝেরপাড়ায় অভিযান চালায়। এ সময় সাড়ে ৬শ গ্রাম গাঁজাসহ মোজাফ্ফর মিয়াকে (৫৫) আটক করা হয়। আটকের পর মোজাফ্ফর মিয়া চেঁচামেচি শুরু করেন। তার চিৎকার শুনে স্বজনেরা ছুটে এসে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তারা এ সময় লাঠিসোটা দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে মারধরও করেন। এক পর্যায়ে ডিবি পুলিশ তাদের হটিয়ে দেয় এবং হামলাকারীদের একজনকে আটক করে। আটককৃতের নাম অমিত হাসান (১৫)। সে মাদক ব্যবসায়ী মোজাফ্ফর হোসেনের ছেলে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় আলাদা দুটি মামলা হয়েছে।





