লোহাগড়ায় ট্রিপল মার্ডারে আরও একটি মামলা

শিমুল হাসান,লোহাগড়া(নড়াইল)॥ নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ট্রিপল মার্ডারের মধ্যে রফিকুল হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় নিহতের পিতা সাইফুর রহমান শেখ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং-১৪। মামলায় ৭৯জন আসামীর নাম উল্লেখ করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে গন্ডব গ্রামের মোমরেজ মোল্যা বাদি হয়ে ৭৭ জনকে আসামি করে মোক্তার মোল্যা ও তার আপন ভাতিজা হাবিল মোল্যা হত্যার ঘটনায় অপর একটি মামলা দায়ের করেন। মামলা নং-১২। এছাড়াও হত্যাকান্ডের দিন একই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা ওই গ্রামের সাত্তার মোল্যার ছেলে এএসআই ওসমান(এসবি,ঢাকায় কর্মরত) কে কুপিয়ে মারাত্মক জখম করে। ওই ঘটনায় গত শুক্রবার রাতে মোঃ কিবরিয়া মোল্যা বাদি হয়ে ১৭জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং-১১। রফিকুল হত্যা মামলার বাদি জানান, নড়াইল জেলা পরিষদের সদস্য শেখ সুলতান মাহমুদ বিপ্লব কে তিনটি হত্যার ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় প্রধান আসামি করা হয়েছে। বাদি, গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে দীর্ঘদিন ধরে মিরাজ মোল্যা নেতৃত্বাধীন গ্রুপ এবং শেখ সুলতান মাহমুদ বিপ্লব নেতৃত্বাধীন গ্রুপ এর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে শেখ সুলতান মাহমুদ বিপ্লব পক্ষের লোকের ধারালো অস্ত্রের কোপে গত বুধবার গন্ডব গ্রামের মৃত মাজেদ মোল্যার ছেলে মোক্তার মোল্যা (চাচা) সহ ভাতিজা একই গ্রামের মনতাজ মোল্যার ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিল মোল্যা নিহত হন। এছাড়াও সাইফুর রহমান শেখের ছেলে রফিকুল শেখ নিহত হন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, আসামী আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ১৩জনকে আটক করা হয়েছে।

ভাগ