সাতক্ষীরায় আরও ১২ জন করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৭৮

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় নতুন করে আরও ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় এ পর্যন্ত মোট ৭৮ জন করোনা শনাক্ত হলো। করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার আফরোজা খাতুন, একই এলাকার আহসান কবির, শহরের মুনিজিতপুর এলাকার মনিরুজ্জামান, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের রাজু আহমেদ, তালা উপজেলার জালালপুর গ্রামের রিপন মোড়ল, তালা উপজেলা সদরের রমা দাস ও অহনা বিশ^াস, দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের সায়রা বিবি, একই গ্রামের রাজু আহমেদ, একই উপজেলার বদরতলা গ্রামের খাদিজা বিবিসহ ১২ জন। করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তাদের আশপাশের কয়েকটি বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ জেলা থেকে মোট ১ হাজার ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতোমধ্যে ৯০২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৭৮ জনের করোনা পজিটিভ ও বাকিসব রিপোর্ট নেগেটিভ এসেছে।