চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামে আলমসাধু থেকে ছিটকে পড়ে আনারুল ইসলাম (৫৪) নামের এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। রবিবার বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মৃত আনারুল ইসলাম ওই গ্রামেরই হানেফ আলীর ছেলে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে আনারুল মাছ বিক্রির জন্য আলমসাধুৃতে উঠে দামুড়হুদা উপজেলা সদরের বাজারে যাচ্ছিলেন। হোগলাডাঙ্গা গ্রামের মোড়ে পৌঁছলে আলমসাধুর পেছনের চাকা খুলে যায়। এ সময় তিনি মাছ বহনকরা ড্রামসহ ছিটকে পড়ে রাস্তার পাশে গাছের ধাক্কায় গুরুতর আহত হন। উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





