‘মাস্ক পরা না থাকলে পণ্য বিক্রি করবো না’ কার্যক্রমের উদ্বোধন

বাগেরহাট সংবাদদাতা ॥ ‘মাস্ক পরা না থাকলে আমি পণ্য বিক্রি করবো না।’ করোনা প্রতিরোধে এমন প্রতিপাদ্য নিয়ে বাগেরহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও বিপনীবিতানগুলোতে ক্রেতা সাধারণের প্রতি এই আহ্বান সম্বলিত স্টিকার সেঁটে দিয়ে গণসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। রোববার দুপুরে শহরের শালতলা মোড় থেকে করোনা প্রতিরোধে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাগেরহাট জেলা এ্যাডভোকেসি টিম ও বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ যৌথভাবে এই উদ্যোগ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি লিয়াকত হোসেন লিটন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাগেরহাট এ্যাডভোকেসি টিমের সদস্য সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, আওয়ামী লীগ নেতা নকিব নজিবুল হক, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, শরীফা খানম, আহাদ উদ্দিন হায়দার, লুনা সিদ্দিকী, বিএনপি নেতা মেহেবুবুল হক কিশোর, ছাত্রলীগ নেতা উল্কা, ছাত্রদল নেতা মাহি প্রমুখ। ক্রেতা ও বিক্রেতাদের মাক্স ব্যবহারে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আয়োজকরা জানান, ‘মাস্ক পরা না থাকলে আমি পণ্য বিক্রি করবো না’ সোমবার থেকে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করে বাজারে এই প্রচারণা জোরদার করা হবে। ব্যবসায়ীদের প্রতি জেলা চেম্বার অব কমার্স এ আহ্বান পালনের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে।

ভাগ