পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় মাছের ঘেরে হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনায় গত শনিবার থানায় মামলা হয়েছে। পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের হোগলারচক গ্রামে এ হামলার ঘটনায় আহত হন তিনজন। মামলা সূত্রে জানা যায়, খুলনার চানমারীর সেকেন্দার মিয়ার ছেলে নুরু মিয়া পাইকগাছার হোগলারচক মৌজায় জমি ক্রয় সূত্রে মালিক হয়ে মাছের ঘের করে আসছেন। প্রতিপক্ষ আশাশুনি উপজেলার গোলাম বারী শেখের পুত্র নবীর আলী শেখ বিনিময় সূত্র দাবি করে শুক্রবার দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে নবির আলী, হুমায়ুন কবির, নাহিদ সরদার, সহিল উদ্দীন গাজী, টুটুল গাজী, মাসুম হালদার, আসলাম গাজী, রুহুল ঢালী, মনিরুল শেখ, টুটুল গাজীসহ ৩০/৪০ জনকে নিয়ে নুরু মিয়ার ঘেরে হামলা চালায়। এসময় তারা বাসাবাড়ি ভাঙচুরসহ মাছ ধরতে থাকলে নুরু মিয়া ও তার লোকজন বাধা দেন। ফলে তাদেরকে বেধড়ক মারপিট করে আহত করা হয়। এ ঘটনায় নুরু মিয়া শনিবার পাইকগাছা থানায় মামলা দায়ের করেছেন। থানা পুলিশের ওসি এজাজ শফী জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।





