স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর শেখহাটিতে জোর করে জমি দখল চেষ্টার অভিযোগে কোতয়ালী থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, শেখহাটির পশ্চিমপাড়ার আবু দাউদ বিশ্বাসের স্ত্রী জাহানারা বেগম ২৬ শতক জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন। যার সর্বশেষ জরিপ পর্চাও তার নামে। এই জমির এক অংশে ঘর করে ভাড়া দেয়া এবং অপর অংশে ধান চাষ করা হয়। গত বছর থেকে এই জমি দখলের চেষ্টা করছেন একই গ্রামের মৃত জালাল মুন্সির ছেলে কুতুব মুন্সি, বাবু মুন্সি, মাসুম মুন্সি, নাছিম মুন্সি এবং নূহ মুন্সির ছেলে কাইয়ুম মুন্সি, রবিউল মুন্সিসহ তাদের ওয়ারিশরা। অভিযোগে আরও বলা হয়েছে, গত ৮ জুন মৃত জালাল মুন্সি ও নূহ মুন্সির ছেলেরা জাহানারা বেগমের ওই জমি তার অগোচরে লাঙল দিয়ে চাষ করে চলে যান। বিষয়টি তারা জানতে পেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। তারা জালাল মুন্সি ও নূহ মুন্সির ছেলেদের সাথে যোগাযোগ করলে তারা গত ১২ জুন শুক্রবার বিষয়টি নিয়ে বসবেন বলে জানান। কিন্তু পরণে তারা জমি দখলের চেষ্টা করতে থাকেন। ১৩ জুন সকালে আবারো তারা ওই জমি পাওয়ার টিলার দিয়ে চাষ শুরু করেন। বিষয়টি জানতে পেরে জাহানারা, তার স্বামী ও ছেলে শহিদুল ইসলাম মিলন ঘটনাস্থলে গিয়ে তাদের জমি চাষে বাধা দেন। এ সময় তাদের ওপর কুতুব মুন্সি, বাবু মুন্সি, মাসুম মুন্সি, নাছিম মুন্সি কাইয়ুম মুন্সি, রবিউল মুন্সি ও তাদের ওয়ারিশরা হামলা করে এলোপাতাড়িভাবে মারধর করতে থাকে। স্থানীয়রা এগিয়ে এসে দুর্বৃত্তদের প্রতিরোধ করলে তারা হুমকি দিয়ে চলে যান। এ ঘটনায় ১৩ জুন জাহানারা বেগম যশোর কোতয়ালি থানায় একটি অভিযোগ করেছেন । অভিযোগে তিনি তার পরিবারের সদস্যদের জীবনাশংকার কথা কথা উল্লেখ করে বিষয়টির আইনগত প্রতিকার দাবি করেছেন। অভিযোগটি তদন্ত করছেন যশোর উপশহর ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুল লতিফ। এ বিষয়ে তিনি বলেন, ঘটনাস্থলে দুই পক্ষের কারোর দেখা পাওয়া যায়নি। আজ সোমবার সকাল ১০টায় উভয় পক্ষকে আসতে বলা হয়েছে।





