মেসভাড়া ৬০ ভাগ মওকুফের দাবি আরও ২ সংগঠনের

স্টাফ রিপোর্টার ॥ মেসভাড়া ৬০ ভাগ মওকুফের পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছে আরও দুটি সংগঠন। রোববার জেলা প্রশাসক বরাবর দেয়া পৃথক স্মারকলিপিতে এ দাবি জানায়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও মানবতাবাদী মেস শিক্ষার্থী ঐক্য পরিষদ যশোর জেলা শাখা। স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন আফরোজা সুলতানা মৌ ও শিমুল বিশ্বাস।
স্মারকলিপিতে বলা হয়েছে, করোনা মহামারীতে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের অর্থনীতিও থমকে গেছে। সেই সাথে ঘূর্ণিঝড় আম্পানে যশোর ও পার্শ্ববর্তী জেলাসমূহের ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ গত মার্চ মাস হতে বন্ধ রয়েছে। এমন অবস্থায় শিক্ষার্থীরা মেস ছেড়ে বাড়িতে অবস্থান করছে। যাদের অনেকেই টিউশনি করে মেসভাড়াসহ নিজেদের খরচ বহন করতো। এমন অনেক শিক্ষার্থী আছে যাদেরকে টিউশনি করে তাদের পরিবারকে সহযোগিতা করতে হতো। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের টিউশনি বন্ধ আছে। তবুও মেস মালিক কর্তৃপক্ষ তাদের থেকে মেস ভাড়া আদায়ের জন্য অমানবিক আচরণ করছে। এমন অবস্থায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ৪ মে অতিরিক্ত জেলা প্রশাসিক (সর্বিক) সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল), শিক্ষক, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে বৈঠকে ৬০% মেস ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তকে সাধারণ ছাত্র-ছাত্রীরা সাধুবাদ জানায়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম যে, ৩০ মে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, কোন শিক্ষক ছাত্র প্রতিনিধি ব্যতীত এক বৈঠকে পূর্ব সিদ্ধান্ত বাতিল করে ২৫% মেস ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা মনে করি, এই সিদ্ধান্ত অযৌক্তিক, অমানবিক। যা শুধুমাত্র শিক্ষার্থীদের ভোগান্তির কারণ হবে। তাই আমরা আবারও এই অযৌক্তিক, অমানবিক সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে পূর্ব ৬০% ভাগ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি করছি। প্রয়োজনে ৬০ ভাগ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হওয়া মেস মালিকদের জন্য রাষ্ট্রীয় বরাদ্দের দাবি জানাচ্ছি।

ভাগ