লোকসমাজ ডেস্ক॥ হিমালয় অঞ্চল ও থর মরুভূমিতে সামুদ্রিক নজরদারি বিমান পি-৮আই ব্যবহার করার পরিকল্পনা করছে ভারত। তবে এমন সিদ্ধান্ত উদ্ভট চিন্তা বলে মনে করছেন দেশটির অনেক সাবেক নৌবাহিনী কর্মকর্তা। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের তৈরি পোসেডন পি-৮আই বা জাপানের শিনমেওয়ার তৈরী ইউএস-২ খুবই ব্যয়বহুল প্রতিরক্ষা প্লাটফর্ম। ভারতীয় নৌবাহিনীতে এগুলোর অন্তর্ভুক্ত করা হয়েছে দেশের বিশাল সমুদ্র উপকূল রেখায় নজরদারি করার জন্য। একইসঙ্গে এ অঞ্চলে চীন ছাড়া ভারতের শক্তির কাছাকাছিও কোনো রাষ্ট্র নেই। সেটি প্রদর্শনেও এমন নজরদারি ব্যবস্থা ব্যবহার করে ভারত। তবে এগুলো দ্বীপ এলাকাতেই শুধু কার্যকর। সেখানে এগুলোকে স্থলভাগে মোতায়েন করা একদমই উদ্ভট বলে মনে করেন ভারতের সাবেক নৌবাহিনী কর্মকর্তারা।
সংবাদ মাধ্যম ইস্টার্ন লিংকের খবরে ভারতীয় নৌ কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, কমিউনিস্ট চীনের সেনাবাহিনী যেমন দ্রুতগামী, তেমনি তারা দীর্ঘ সময় মোতায়েনযোগ্য হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করে। তাই তাদের থামাতে এ ধরণের অস্ত্রই ব্যবহার করতে হবে ভারতকে। কিন্তু পি-৮আই বা ইউএস-২ ওই এলাকায় ব্যবহার করা একেবারেই বোকামির কাজ। তাদের দাবি, একমাত্র নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে না জানা কারো পক্ষেই এ ধরণের সিদ্ধান্ত নেয়া সম্ভব। তবে এরইমধ্যে ভারতের তামিলনাড়ুর বিমানবাহিনীর ঘাঁটি থেকে আটটি পি-৮আই বিমানের সবগুলোই স্থায়ী ভিত্তিতে নর্দার্ন কমান্ডে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে নির্মিত পি-৮আই বিমানের প্রশংসা করেছিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। তখন তিনি জানিয়েছিলেন যে, ২০১৭ সালে দোকলাম উত্তেজনার সময় চীনাদের সৈন্য চলাচলের গতিবিধি জানার জন্য এই বিমান ব্যবহার করা হয়েছিল। রাওয়াতের এই ধারণা সেনাবাহিনীও সমর্থন করেছে। তাদের কথা হলো, তিন বাহিনীর সব বিমান সম্পদই অগ্রাধিকারের ভিত্তিতে পারস্পরিক কাজে ব্যবহার করা উচিত। এ কারণেই বলা হচ্ছে যে সাময়িকভাবে পি-৮আই বিমান ব্যবহারে কোনো সমস্যা নেই। তাদের মতে, বিমানগুলোকে অলসভাবে বসিয়ে না রেখে দোকলাম বা লাদাখে প্রয়োজনের আলোকে ব্যবহার করা যেতেই পারে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার, উভচর অভিযানে বিশেষজ্ঞ, জে এম দেবদাস অবশ্য নতুন এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, এসব বিমান লাদাখ বা সিকিমের রণাঙ্গন ছাড়িয়ে তিব্বতের অনেক দূর পর্যন্ত দেখার সুযোগ করে দেয়। এতে করে পুরো যুদ্ধ এলাকা সম্পর্কে ব্যাপক ধারণা পাওয়া সম্ভব হয়। পুরো এলাকা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে আমাদের পক্ষে জবাব দেয়াও সহজ হবে।





